লেবাননে হামলায় আহত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। নিহত ওই সেনা ইন্দোনেশিয়ার নাগরিক বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
লেবাননের দক্ষিণাঞ্চলে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিল জানিয়েছে, তাদের সদস্য ইন্দোনেশিয়ার করপোরাল রিকো প্রামুদিয়া গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খবর আল-জাজিরা।
ইউনিফিলের তথ্যমতে, গত ২৯ মার্চ দক্ষিণ লেবাননের আদশিত আল কুসাইর এলাকায় তাদের একটি ঘাঁটিতে প্রজেক্টাইল আঘাত হানে। এতে ঘটনাস্থলেই একজন শান্তিরক্ষী নিহত হন এবং করপোরাল প্রামুদিয়া মারাত্মকভাবে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সংস্থাটি জানায়, হামলায় ব্যবহৃত প্রজেক্টাইলটি কোথা থেকে নিক্ষেপ করা হয়েছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এক বিবৃতিতে ইউনিফিল সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেছে, জাতিসংঘের কর্মী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। শান্তিরক্ষীদের ওপর ইচ্ছাকৃত হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন এবং এটি জাতিসংঘের প্রস্তাবনার পরিপন্থী। এ ধরনের হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
উল্লেখ্য, চলমান সংঘাত এবং ২০২৪ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনার সময়ও একাধিকবার জাতিসংঘ শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় পূর্বে ইসরায়েলকে দায়ী করে নিন্দা জানিয়েছিল সংস্থাটি।



