tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতি‘দেশে তেলের কোনো সংকট নেই, অসাধু ব্যবসায়ীদের জন্য বর্তমান পরিস্থিতি'

‘দেশে তেলের কোনো সংকট নেই, অসাধু ব্যবসায়ীদের জন্য বর্তমান পরিস্থিতি’

দেশে জ্বালানি তেলের প্রকৃত কোনো সংকট নেই; বরং কিছু অসাধু চক্রের অনৈতিক কর্মকাণ্ডের কারণে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তেল নিয়ে কালোবাজারি ও সিন্ডিকেটের অপতৎপরতা রুখতে প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহায়তা দিতে প্রায় ২০ কোটি টাকার অনুদান বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেন, বিশ্ব পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ থাকলেও দেশে বড় ধরনের কোনো সংকট নেই। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাব বৈশ্বিকভাবে পড়লেও বাংলাদেশের তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, “এই সংকটটি পরিকল্পিতভাবে সৃষ্টি করা হয়েছে। কিছু অসাধু ব্যক্তি তেল মজুত করে কালোবাজারে বিক্রি করছে। এ ধরনের কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না।” জনভোগান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ সময় জেলার উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, আগামী ২৬ এপ্রিল ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করা এবং মেডিকেল কলেজ স্থাপনের প্রকল্প দ্রুত বাস্তবায়নের কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থের চেক ও সরকারি বরাদ্দপত্র বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।