সবেমাত্র ভোর গড়িয়ে সকাল হয়েছে, ৮টা বাজে। এরই মধ্যে রাজধানীর সড়কে নেমে পড়েছেন কর্মীজীবী মানুষেরা। একদল যখন কর্মক্ষেত্রে ছুটতে ব্যাস্ত ঠিক তখনই ভিন্ন চিত্র দেখা যায় রাজধানীর তেল পাম্পগুলোতে। একের পর এক লাইন ধরে দাঁড়িয়ে পাম্পে তেলের অপেক্ষায় অলস সময় কাটাতে ব্যস্ত যানবাহন চালকরা।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অস্থির গোটা বিশ্বের জ্বালানি বাজার। বাংলাদেশেও গত দেড় মাস ধরে জ্বালানি তেল নিয়ে চলছে সংকট। এতদিন জেট ফুয়েল ছাড়া অন্য জ্বালানির দাম না বাড়ালেও শেষ পর্যন্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হয়েছে বলে গতকাল শনিবার (১৮ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত (১৯ এপ্রিল) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। আজ রোববার থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও প্রতিদিনের মতো আজও সকাল থেকেই পাম্পগুলোতে তেল সংগ্রহে আসা যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।রোববার রাজধানীর আসাদগেটে তালুকদার ফিলিং স্টেশন ও সোনার বাংলা ফিলিং স্টেশন এবং মেঘনা ফিলিং স্টেশন ঘুরে যানবাহনের এমন দীর্ঘ সারি দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর এই তিনটি তেল পাম্পের সামনেই যানবাহনের দীর্ঘ সারি। তবে এত সকালে কোনো পাম্পে তেল বিক্রি শুরু না হলেও লাইনে দাঁড়িয়ে আছেন যানবাহন চালকরা। অপেক্ষা করছেন তেলের জন্য।
পাম্পে অপেক্ষারত যানবাহন চালকদের ভাষ্য, গতকাল রাত থেকেই তারা তেল সংগ্রহের জন্য অপেক্ষা করছেন।



