tanaka
প্রচ্ছদজাতীয়হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হাম ও এর উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন নিশ্চিত হামে আক্রান্ত ছিল এবং বাকি দুই শিশু উপসর্গ নিয়ে মারা গেছে।

একই সময়ে নতুন করে ১২৭ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি উপসর্গ নিয়ে ১ হাজার ১১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬৯ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৯৮ জনে।

তবে একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪৭ জন। এ পর্যন্ত মোট ১১ হাজার ২৪৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৭ জন শিশু। এছাড়া সন্দেহজনক উপসর্গ নিয়ে আরও ১৭৪ শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৯২ জন। আর সন্দেহজনকভাবে আক্রান্ত হয়েছে আরও ২১ হাজার ৪৬৭ জন।