tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকপশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে বিতর্ক, বাদ পড়ার অভিযোগে উদ্বেগ

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে বিতর্ক, বাদ পড়ার অভিযোগে উদ্বেগ

গত পাঁচ দশক ধরে ভারতের জাতীয়, রাজ্য ও স্থানীয় সব নির্বাচনে ভোট দিয়ে আসছিলেন ৭৩ বছর বয়সী নবীজান মণ্ডল। তবে হঠাৎ করেই তিনি দেখেন, ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকায় তার নাম নেই।

আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ এবং ৪ মে ফল ঘোষণার প্রস্তুতি যখন তুঙ্গে, তখন এমন পরিস্থিতি তাকে দুশ্চিন্তায় ফেলেছে। নির্বাচনের আগে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ করেছে ইসিআই।

নবীজান একা নন—এই প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে প্রায় ৯০ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। রাজ্যের প্রায় ৭ কোটি ৬০ লাখ ভোটারের মধ্যে এটি প্রায় ১২ শতাংশ। এর মধ্যে প্রায় ৬০ লাখকে ‘অনুপস্থিত’ বা ‘মৃত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, আর প্রায় ৩০ লাখ ভোটারের বিষয়টি ট্রাইব্যুনালে শুনানির অপেক্ষায় রয়েছে।

নবীজানের পরিবারের অন্য সদস্যদের নাম তালিকায় থাকলেও বাদ পড়েছেন শুধু তিনি। কারণ হিসেবে দেখা গেছে, তার ভোটার কার্ডে নাম ‘নবীজান’ থাকলেও আধার ও রেশন কার্ডে রয়েছে ‘নবীরুল’। নামের এই অমিলই তার ভোটাধিকার হারানোর কারণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ধরনের সমস্যায় পড়া অনেকেই বলছেন, নির্বাচন সামনে রেখে এত বিপুল সংখ্যক আপিল বা মামলার দ্রুত নিষ্পত্তি হওয়া কঠিন। এছাড়া ট্রাইব্যুনালে গিয়ে প্রয়োজনীয় নথি উপস্থাপন করাও সাধারণ মানুষের জন্য জটিল হয়ে উঠছে।

ভারতের সুপ্রিম কোর্টও জানিয়েছে, যেসব মামলা এখনো ট্রাইব্যুনালে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, তারা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন না। তবে আদালত চাইলে নির্বাচনের আগে সম্পূরক ভোটার তালিকা প্রকাশের সুযোগ দিতে পারে।

উত্তর ২৪ পরগনার বাসিন্দা নবীজান বলেন, “আমার পরিবারের সবাই ভোট দিতে পারবে, শুধু আমি পারব না। নামের এই পার্থক্য যে এত বড় সমস্যা হবে, তা জানতাম না।”

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, পশ্চিমবঙ্গে প্রায় আড়াই কোটি মুসলিম বাস করেন, যা রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ২৭ শতাংশ। রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে এই জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় মুসলিমদের বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলেছে বিভিন্ন মহল। বিশেষ করে যেসব জেলায় মুসলিম জনসংখ্যা বেশি—যেমন মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও মালদা—সেসব এলাকায় তুলনামূলক বেশি নাম বাদ পড়ার তথ্য সামনে এসেছে।

তবে নির্বাচন কমিশনের দাবি, ভুয়া বা মৃত ভোটারদের বাদ দেওয়া এবং প্রকৃত ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করতেই এই সংশোধন প্রক্রিয়া চালানো হয়েছে।

অন্যদিকে বিরোধী দল ও কিছু সংগঠনের অভিযোগ, এই প্রক্রিয়ায় নির্দিষ্ট একটি জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে বিতর্ক ও আইনি চ্যালেঞ্জ তৈরি হয়েছে।