জ্বালানি সংকট মোকাবিলায় দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সরকার দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্বের অনেক দেশে তেল-ডিজেলের দাম বাড়ানো হলেও জনদুর্ভোগের কথা বিবেচনায় রেখে সরকার এখনো দাম বাড়ায়নি। বরং এই খাতে প্রতিদিন বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা করা হচ্ছে।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের স্বার্থ সুরক্ষায় সরকার সম্ভাব্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে এবং করে যাচ্ছে। বর্তমান সরকার জনগণের সরকার—জনগণের কাছে দায়বদ্ধ। তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
তিনি আরও বলেন, জ্বালানি সাশ্রয়ে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। একই সঙ্গে পারিবারিক পর্যায়েও অপচয় ও অমিতব্যয়িতা পরিহার করে সংযমী হওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।



