tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকরাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, বহু হতাহত

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, বহু হতাহত

গত ২৪ ঘণ্টায় রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনজুড়ে অন্তত ৭ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, রুশ বাহিনী দেশটির বিভিন্ন অঞ্চলে ৩২৪টি ড্রোন এবং তিনটি ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে ৩০৯টি ড্রোন ভূপাতিত করা সম্ভব হলেও ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা যায়নি।

সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটে ডিনিপ্রো শহরে। ডিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেকজান্ডার হানঝা জানান, ১৫ এপ্রিল সকালে একটি গ্যাস স্টেশনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে পাঁচজন নিহত এবং ২৭ জন আহত হন। আহতদের মধ্যে ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই দিন রাতে ডিনিপ্রোতে আবারও হামলা চালানো হয়। এতে একটি প্রশাসনিক ভবন ও একটি বহুতল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় দুই নারী ও এক পুরুষ আহত হন।

অন্যদিকে, তুলনামূলক শান্ত হিসেবে পরিচিত চেরকাসি অঞ্চলেও বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়েছে। এতে ৮ বছর বয়সী এক শিশু নিহত এবং ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

দক্ষিণাঞ্চলের খেরসন অঞ্চলে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে বেসামরিক ঘরবাড়ি ও অবকাঠামোতে হামলা চালানো হয়। এতে একজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর। এছাড়া ১৩ এপ্রিলের হামলায় আহত আরও দুজন পরে মারা গেছেন।

খারকিভ অঞ্চলেও হামলা হয়েছে। ড্রোন শহর পর্যন্ত পৌঁছালেও সেখানে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শহরের উত্তরের দুটি এলাকায় বোমা হামলায় পাঁচজন আহত হয়েছেন।

এদিকে কিয়েভ অঞ্চলের দুটি শহরেও রাতভর হামলা চালানো হয়। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর।