সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সদৃশ উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের মৃত্যু সরাসরি হামজনিত বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, আর ছয়জনের মৃত্যু হয়েছে সন্দেহভাজন হিসেবে।
রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত তথ্যে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে, যা সাম্প্রতিক পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে মারা গেছেন ২৮ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহজনক মৃত্যু হয়েছে ১৫১ জনের।
সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ শিশুর মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত। বাকি ছয়জনের মৃত্যু হয়েছে হামের লক্ষণ নিয়ে, যাদের ‘সন্দেহভাজন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এদিকে, নতুন করে ১,৪২৮ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫০ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত করা হয়েছে এবং ১,২৬৮ জনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগেই আক্রান্ত হয়েছে ৭০৩ জন শিশু এবং মারা গেছে ৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সামগ্রিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত এক মাসে দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে মোট ১৭৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৮ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত, আর ১৫১ জনের মৃত্যু হয়েছে সন্দেহভাজন হিসেবে।
একই সময়ে সারাদেশে নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৬৩৯ জনে। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০,২২৫ জন।



