tanaka
প্রচ্ছদসারাদেশখুলনায় তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনায় তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনায় তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মধ্যরাতে চায়ের দোকানে ঢুকে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১১ মার্চ) রাত ১২টার দিকে নগরীর খালিশপুর নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন খালিশপুর থানার ওসি মো. তৌহিদুজ্জামান।

নিহত সোনা মিয়া (৩৮) ওই এলাকার আব্দুল জব্বার সরদারের ছেলে। তিনি তাঁতী দলের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন।

খালিশপুর থানা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আলী বাবু জানান, সোনা মিয়া রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে চায়ের দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত ১২টার দিকে সোনা মিয়া নিজ চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করে।

হামলার পর প্রাণ বাঁচাতে তিনি দোকান থেকে বের হয়ে দৌড়ে কিছু দূর গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি তৌহিদুজ্জামান। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার সুদর্শন কুমার রায় বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।