পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শনিবার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আলোচনার আগে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
হোয়াইট হাউস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
আল জাজিরা-এর প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ভ্যান্সের সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর জামাতা জ্যারেড কুশনার। পাকিস্তানের পক্ষে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
ইরানের সঙ্গে সম্ভাব্য ঐতিহাসিক শান্তি আলোচনায় অংশ নিতে জেডি ভ্যান্স বর্তমানে ইসলামাবাদ-এ অবস্থান করছেন। মার্কিন প্রতিনিধিদলের হয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে মূল বৈঠকের আগে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এই দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি।
এদিকে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বৈঠকের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিনিধিদল ও মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানও প্রস্তুত রয়েছে। তবে আলোচনার পাশাপাশি উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতের আশঙ্কাও পুরোপুরি কাটেনি।
এ প্রেক্ষাপটে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আল জাজিরা-এর বরাতে জানানো হয়, তিনি বলেছেন—যুক্তরাষ্ট্র ও ইরান গঠনমূলক শান্তি আলোচনায় অংশ নেবে বলে আশা করছে ইসলামাবাদ।
তিনি আরও জানান, ‘স্থায়ী ও টেকসই সমাধানে’ পৌঁছাতে দুই পক্ষকে সহযোগিতা করে যেতে আগ্রহী পাকিস্তান।



