tanaka
প্রচ্ছদরাজনীতিপিআর পদ্ধতি বাংলাদেশের জন্য উপযোগী নয়: তারেক রহমান

পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য উপযোগী নয়: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি উপযোগী নয়। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সম্মানে বিএনপির আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় লন্ডন থেকে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বিশ্বের অনেক দেশে পিআর পদ্ধতি থাকলেও বাংলাদেশের ভৌগোলিক, আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই পদ্ধতি এখনো গ্রহণযোগ্য নয়। জনগণের পছন্দের প্রার্থীকে সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করার যে অধিকার, তা পিআর পদ্ধতিতে নিশ্চিত হয় না। এটি গণতান্ত্রিক স্বচ্ছতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

তারেক রহমান আরও বলেন, গণতান্ত্রিক দলগুলোর মধ্যে পিআর পদ্ধতি নিয়ে মতভেদ থাকতেই পারে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে সময়ের সঙ্গে এসব মতপার্থক্য সমাধান করা সম্ভব। তিনি অভিযোগ করেন, কিছু গোষ্ঠী আসন্ন নির্বাচন নিয়ে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং সেইসঙ্গে পরাজিত স্বৈরাচারী শাসনের পুনর্বাসনের পথ সুগম করছে।

তিনি বলেন, “গত এক দশকের বেশি সময় ধরে দেশবাসী ফ্যাসিস্ট শাসনের নির্যাতন সহ্য করেছে। তবে সাম্প্রতিক গণ-অভ্যুত্থান আমাদের ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছে। এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সময় এসেছে, কিন্তু এই যাত্রা এখনো ঝুঁকিমুক্ত নয়।”

আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, “কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ও গোষ্ঠীর শর্ত ও বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ পেলে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে—এই আশঙ্কা থেকেই ষড়যন্ত্র চলছে।”

তারেক রহমান অভিযোগ করেন, “গত ১৬-১৭ বছরে বিএনপির বিজয় ঠেকাতে যে অপরাজনীতি ও নির্বাচনব্যবস্থা ধ্বংস হয়েছে, সেই একই প্রবণতা এখন কিছু তথাকথিত ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির মধ্যেও দেখা যাচ্ছে।”

তিনি সতর্ক করে বলেন, “জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, তবে সেই রায়কে বাধা দেওয়ার চেষ্টা জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল। রাজনীতিকে রাজনীতির মাধ্যমেই মোকাবিলা করতে হবে—অপকৌশলের আশ্রয় নয়।”

গণতান্ত্রিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “পারস্পরিক মতপার্থক্য থাকা স্বাভাবিক, কিন্তু স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিষয়ে ঐক্য থাকা জরুরি। ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ যেন কেউ না পায়।”

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তারেক রহমান বলেন, “বিভিন্ন সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার পেছনে ধর্ম নয়, বরং রাজনৈতিক ফায়দা ও লোভ কাজ করেছে। এসব ঘটনা প্রতিরোধ করা রাষ্ট্রের দায়িত্ব। বাংলাদেশ কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়—এটি সকল নাগরিকের। দেশের প্রতিটি নাগরিক আইন অনুযায়ী সমান অধিকার ভোগ করবেন। এটাই বিএনপির নীতি।”

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বর্তমানে দেশে এক ধরনের উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে। এই উগ্রবাদ যদি নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করা কঠিন হবে।”

অনুষ্ঠানে বিএনপি নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, অধ্যাপক জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ধর্মবিষয়ক সহসম্পাদক অমলেন্দু দাস অপু।