চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-পশ্চিম) বিশেষ অভিযানে প্রায় ৮ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ৮ কেজি হেরোইন, যার আনুমানিক মূল্য ৮ কোটি টাকা এবং ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, যার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে শিকলবাহা ক্রসিং এলাকায় হানিফ পরিবহণের একটি বাসে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে এত বড় পরিমাণ হেরোইনের চালান উদ্ধারের ঘটনা বিরল বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ২টায় সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তুলে ধরেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃতরা হলেন— আলী হোসাইন (৪২), মো. আজিম (৪০) ও মোহাম্মদ রাসেল (৪৯)। জব্দ করা মাদকের বাজারমূল্য প্রায় ৮ কোটি ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে একটি বাসযোগে মাদকের চালান চট্টগ্রামে আসছে— এমন গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শিকলবাহা ক্রসিং এলাকায় অবস্থান নেয়। গভীর রাতে সন্দেহভাজন বাসটি সেখানে পৌঁছালে পুলিশ সিগন্যাল দেয়। তবে চালক বাস না থামিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে বাসটি থামাতে সক্ষম হয়।
পরে বাসটির পেছনে লোহার তৈরি একটি গোপন বক্সে তল্লাশি চালিয়ে ৮টি প্যাকেটে এক কেজি করে মোট ৮ কেজি হেরোইন এবং ৭০টি প্যাকেটে লুকানো অবস্থায় মোট ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতার তিনজনই বাসটির চালক, সুপারভাইজার ও হেলপার হিসেবে কাজ করছিলেন। তারা যাত্রী পরিবহনের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত। উদ্ধার হওয়া মাদক কক্সবাজার থেকে সংগ্রহ করে ঢাকায় দুই ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
কর্ণফুলী থানার ওসি শাহীনুর আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



