tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকযুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান

যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান

মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রাপ্ত সাম্প্রতিক যুদ্ধবিরতি প্রস্তাবের প্রেক্ষিতে নিজেদের দাবি ও অবস্থান চূড়ান্ত করেছে ইরান। সোমবার (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য নিশ্চিত করেন। তিনি স্পষ্ট করে জানান, কোনো ধরনের আলটিমেটাম বা যুদ্ধসংক্রান্ত হুমকির মুখে আলোচনা চালিয়ে যাওয়া ইরানের পক্ষে সম্ভব নয়।

বাঘাই বলেন, তেহরান জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্দিষ্ট কিছু শর্ত ও প্রয়োজনীয়তার তালিকা তৈরি করেছে। এসব প্রস্তাব ইতোমধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনাটি ‘অতিরিক্ত ও অযৌক্তিক’ হওয়ায় তা প্রত্যাখ্যান করেছে ইরান।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরান তার ন্যায্য দাবিগুলো তুলে ধরতে কখনো দ্বিধা করে না। তবে এটিকে দুর্বলতা বা আপস হিসেবে দেখার কোনো সুযোগ নেই; বরং এটি নিজেদের অবস্থানের ওপর আস্থার বহিঃপ্রকাশ। তেহরান বর্তমানে নিজেদের প্রতিক্রিয়া ও প্রস্তাবনাগুলো আরও সুসংগঠিত করছে এবং যথাসময়ে এর বিস্তারিত প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এদিকে, তেহরানের শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ভবনে সাম্প্রতিক হামলার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার প্রচেষ্টার মধ্যেই ইরানের পক্ষ থেকে এই কূটনৈতিক অবস্থান তুলে ধরা হলো। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতি উদ্যোগ কোন দিকে গড়ায়, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে কৌতূহল।

সূত্র: রয়টার্স।