বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারের জ্বালানি নীতি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের বক্তব্য শুনলে মনে হয়, বাংলাদেশ যেন তেলের ওপর ভাসছে এবং দেশে সোনার নহর বয়ে যাচ্ছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান অভিযোগ করেন, সংসদে সরকারি দলের বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিরোধী দল জ্বালানি সংকট নিয়ে কথা বলতে চাইলে তা আলোচনায় আসতে দেওয়া হয় না। এতে সরকারের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের জন্য যানবাহন ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা গেলেও সরকার রিজার্ভ পর্যাপ্ত থাকার দাবি করছে, যা প্রকৃত পরিস্থিতি আড়াল করার চেষ্টা। সংসদে এ বিষয়ে আলোচনা করতে চাইলেও তা বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
কৃষি খাতের সংকট তুলে ধরে জামায়াত আমির বলেন, সেচের অভাবে খামারিরা চরম দুর্ভোগে রয়েছেন। খোলা বাজারে তেল না দিয়ে কার্ডের মাধ্যমে বিতরণের কারণে সাধারণ মানুষ আরও বিপাকে পড়ছেন। এতে খাদ্য উৎপাদন ব্যাহত হয়ে ভবিষ্যতে খাদ্যঘাটতির আশঙ্কা তৈরি হতে পারে বলে তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো সিদ্ধান্ত নেওয়া হলে তা শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর হবে। করোনাকালে পড়াশোনায় যে ক্ষতি হয়েছে, তা এখনো পুরোপুরি কাটিয়ে ওঠা যায়নি। একই ধরনের সিদ্ধান্ত আবার নেওয়া হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও ঝুঁকির মুখে পড়বে।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, গণভোটের গণরায় অস্বীকারের মাধ্যমে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটছে। তিনি বলেন, অতীতে ফ্যাসিবাদ দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে এবং জনগণ তা প্রত্যাখ্যান করেছে।
শফিকুর রহমান বলেন, নতুন প্রজন্ম অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং প্রয়োজন হলে স্বল্প সময়েই তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের অবস্থান এখনো দৃঢ় এবং বিরোধী দল এ প্রজন্মের পাশে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।



