স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে যারা সশস্ত্র হামলা চালিয়েছে, তারা যে বাহিনীর পোশাকই পরুক, অপরাধী। তাদের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলার সুষ্ঠু তদন্ত হবে। একই সঙ্গে তিনি জুলাইযোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে আলাদা দুটি সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, হামলাকারীরা আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠী, যুবলীগ, ছাত্রলীগ বা অন্য যে কোনো বাহিনীর ড্রেসেই থাকুক, তারা অপরাধী। “মামলা দায়ের হয়েছে, সবকটি মামলার সুষ্ঠু তদন্ত হবে, বিচার বিভাগের দায়িত্ব,” তিনি বলেন।
জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আখতার হোসেন জানিয়েছেন, পুলিশ বাহিনীর কিছু সদস্য ১৬ বছর ধরে স্বপ্রণোদিতভাবে হত্যাযজ্ঞ এবং নির্যাতনে জড়িত ছিলেন। তিনি জানতে চান, এসব বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করবে কি না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইযোদ্ধাদের সুরক্ষার জন্য অন্তর্বর্তী সরকারের সময় অধ্যাদেশ জারি করা হয়েছিল, যা ‘জুলাই জাতীয় সনদে’ প্রস্তাবিত এবং সংসদে উপস্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, “যারা হানাদার বাহিনীর মতো আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং কিছু সাধারণ আদালতে বিচারাধীন। সরকার কোনো হস্তক্ষেপ করবে না। দেশের সব গুম, হত্যাকাণ্ড ও গণহত্যার বিচার হবে।”
বিএনপি’র সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং অন্যান্যরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের জন্য জেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী মামলার প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে ‘মব কালচার’ সম্পর্কে কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান নেই, তবে দায়িত্ব নেওয়ার পর থেকে এ ধরনের ঘটনা ঘটেনি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দাবি জানানো সম্ভব হলেও রাস্তায় মহাসড়ক অবরোধের প্রবণতা আর হবে না।
এনসিপি’র সংসদ সদস্য আবুল হাসনাত পুলিশের বাজেট ও তৃণমূল সদস্যদের সুবিধা নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশকে কার্যকর ও দুর্নীতিমুক্ত রাখার জন্য যথাযথ বাজেটের প্রস্তাব আগামী অধিবেশনে আনা হবে। সরকারের লক্ষ্য হলো ‘ম্যানেজ করার কালচার’ থেকে পুলিশকে মুক্ত করা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করা।



