লুকিয়ে থাকা মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত মার্কিন সেনাদের টার্গেট করে এই হামলা পরিচালিত হয়।
শনিবার (২৮ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগরির বরাতে আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায়, দুবাইয়ের দুটি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। দাবি করা হয়, এসব স্থানে ৫০০-র বেশি মার্কিন সেনা অবস্থান করছিলেন। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করা হয়।
তিনি আরও বলেন, পূর্বেই সতর্ক করা হয়েছিল যে ইরানের শক্তিশালী হামলার মুখে মার্কিন সেনারা তাদের ঘাঁটি ছেড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে মার্কিন নেতৃত্বের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এই অঞ্চল আমেরিকান সেনাদের জন্য নিরাপদ থাকবে না এবং শেষ পর্যন্ত তাদের পিছু হটতে বাধ্য হতে হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের ১৭টি সামরিক ঘাঁটি ধ্বংস করার দাবিও করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) মেহের নিউজের এক প্রতিবেদনে এ দাবি প্রকাশ করা হয়।
শেখারচি জানান, পশ্চিম এশিয়ায় অবস্থিত ১৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করা হয়েছে বলে ইরান দাবি করছে। তার ভাষ্য অনুযায়ী, এসব ঘাঁটি রক্ষা করতে ব্যর্থ হয়েছে মার্কিন বাহিনী।
তিনি ২০২৫ সালের ১৩ জুন শুরু হওয়া ১২ দিনের ইসরায়েল-ইরান সংঘাতের প্রসঙ্গ তুলে বলেন, ওই যুদ্ধের পর ইরান তাদের প্রতিরক্ষামূলক নীতিতে পরিবর্তন এনে আরও আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে।
তবে তিনি দাবি করেন, গত ৪৭ বছরে ইরান কোনো দেশকে আক্রমণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। পাশাপাশি সতর্ক করে বলেন, ইরানের ওপর হামলা হলে জবাবে কঠোর পাল্টা আঘাত হানা হবে।



