tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকবাহরাইনের প্রধান তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

বাহরাইনের প্রধান তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

বাহরাইনের রাষ্ট্রীয় তেল কোম্পানি বাপকো এনার্জিস তাদের বাণিজ্যিক কার্যক্রমের ওপর ‘ফোর্স মেজর’ (অপ্রতিরোধ্য পরিস্থিতি) ঘোষণা করেছে। সোমবার (৯ মার্চ) ভোরে বাহরাইনের একমাত্র ও বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিত্রা দ্বীপে অবস্থিত শোধনাগারটির একটি ইউনিটে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এতে শোধনাগারটির স্বাভাবিক রপ্তানি ও জ্বালানি সরবরাহ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বাপকো কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, চলমান আঞ্চলিক সংঘাত এবং শোধনাগারে সরাসরি হামলার কারণে প্রতিষ্ঠানটি তাদের বেশ কিছু চুক্তিভিত্তিক সরবরাহ সাময়িকভাবে স্থগিত রাখতে বাধ্য হচ্ছে। তবে তারা জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্থানীয় বাজারে কোনো ঘাটতি হবে না।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর শোধনাগারের দিক থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। এ ঘটনায় সিত্রা এলাকায় কিছু ক্ষয়ক্ষতি ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও শোধনাগারের ভেতরে কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের দশম দিনে এই হামলার ঘটনা ঘটল। এর প্রভাব বিশ্ব জ্বালানি বাজারেও পড়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে ব্যারেলপ্রতি ১১৪ ডলার ছাড়িয়েছে, যা সংঘাত শুরুর সময়ের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি।

এর আগে কাতার ও কুয়েতও তাদের জ্বালানি রপ্তানির ক্ষেত্রে একই ধরনের ‘ফোর্স মেজর’ ঘোষণা করেছে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা ও সংকটের আশঙ্কা আরও বাড়ছে।

সূত্র: টাইমস অব ইসরাইল।