tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকজরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র পাঠানোর অনুমোদন যুক্তরাষ্ট্রের

জরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র পাঠানোর অনুমোদন যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে সংঘাত যতটা সহজ মনে করা হয়েছিল, বাস্তবে পরিস্থিতি ততটা সহজ হচ্ছে না। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ইতোমধ্যে ইসরায়েলের অস্ত্রের মজুত কমে যাওয়ার বিষয়টি নিয়ে বিশ্লেষণ শুরু হয়েছে। এর মধ্যেই জরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র পাঠানোর অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিবার জানায়, ইসরায়েলের কাছে প্রায় ১৫ কোটি ১৮ লাখ মার্কিন ডলার মূল্যের জরুরি অস্ত্র বিক্রির সম্ভাব্য অনুমোদন দেওয়া হয়েছে। এই প্যাকেজে বিভিন্ন যুদ্ধাস্ত্রের পাশাপাশি লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে। দ্রুত সরবরাহ নিশ্চিত করতে এ বিক্রির ক্ষেত্রে কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদনের জন্য অপেক্ষা করা হবে না; সরাসরি ইসরায়েলে পাঠানো হবে এসব অস্ত্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইসরায়েল সরকারের কাছে দ্রুত অস্ত্র সরবরাহের জন্য একটি বিশেষ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এই প্যাকেজে বিএলইউ–১১০এ/বি ধরনের বোমাসহ প্রয়োজনীয় লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা থাকবে।

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে সমর্থন করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশের নিরাপত্তা জোরদারে সহায়ক হবে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে ইরানের বিরুদ্ধে সামরিক চাপ আরও বাড়ানোর ইঙ্গিতও পাওয়া যাচ্ছে।

এদিকে ইরানের ওপর ‘এ যাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ’ চালানোর প্রস্তুতির কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, শনিবার রাতেই এই অভিযান পরিচালিত হতে পারে।

স্কট বেসেন্টের দাবি, এই হামলার লক্ষ্য হবে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা। তিনি বলেন, “আমরা এসব স্থাপনাকে উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিতে চাই।”

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইরান বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে এবং হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।