হরমুজ প্রণালিতে কন্টেইনারবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ওমানের উত্তরে গুরুত্বপূর্ণ এই নৌপথে আঘাত হানার পর জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইউকেএমটিও। বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত এ ঘটনায় পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব পড়ার তথ্য পাওয়া যায়নি।
এর আগে ইরান গত সোমবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে। তেহরানের পক্ষ থেকে সতর্কবার্তায় বলা হয়, কোনো জাহাজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে দেশটির রেভল্যুশনারি গার্ড ও নৌবাহিনী সেটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে।
যুক্তরাষ্ট্রের ইআইএ-এর হিসাব অনুযায়ী, ২০২৪ সালে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল অপরিশোধিত তেল হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়েছে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে এর বার্ষিক মূল্য প্রায় ৫০ হাজার কোটি ডলার।
এই প্রণালি দিয়ে মূলত ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করা হয়।
সূত্র: আল-জাজিরা



