ময়মনসিংহে ব্র্যাক–এর বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে সংস্থাটির চলমান উদ্যোগ ও প্রকল্পসমূহ ঘুরে দেখেন তিনি।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পৌঁছান। সেখানে উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল গ্রামে মোতালেব ড্রাইভারের বাড়িতে ব্র্যাকের প্রথা অনুযায়ী চাটাইয়ে বসে উপকারভোগীদের সঙ্গে উঠান বৈঠকে অংশ নেন। বৈঠকে একজন প্রতিবন্ধী ব্যক্তিসহ পাঁচ সদস্যের একটি দলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের অভিজ্ঞতা ও প্রয়োজন সম্পর্কে অবগত হন। পাশাপাশি ব্র্যাক কর্মকর্তারা চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ–এর কন্যা এবং ‘ব্র্যাক এন্টারপ্রাইজেস’–এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



