গাজার খান ইউনিসে হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসসাম ব্রিগেডের হামলায় একাধিক ইসরাইলি সেনা হতাহত হয়েছেন। অন্যদিকে, সিরিয়ার গোলান মালভূমিতে একটি বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে সাতজন ইসরাইলি সেনা আহত হয়েছেন।
বুধবার (২০ আগস্ট) এসব তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের।
মেহেরের প্রতিবেদনে বলা হয়, আল-কাসসাম ব্রিগেড দাবি করেছে যে, তাদের যোদ্ধারা খান ইউনিসের কাছে পাল্টা হামলায় অ্যান্টি-পারসোনেল শেল ব্যবহার করে একাধিক ইসরাইলি সেনাকে হত্যা করেছে।
এছাড়া, প্রেস টিভির এক সূত্র জানায়, ব্রিগেডের স্নাইপার ইউনিট দক্ষিণ গাজায় একটি অভিযানে ইসরাইলি সেনাবাহিনীর একটি মারকাভা ট্যাংকের চালককে গুলি করে হত্যা করেছে।
টাইমস অব ইসরাইলের তথ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনী হামলার ঘটনা নিশ্চিত করলেও দাবি করেছে, তারা আক্রমণটি প্রতিহত করেছে। তাদের মতে, অন্তত ১৮ জন সশস্ত্র ফিলিস্তিনি যোদ্ধা বুধবার সকালে খান ইউনিসের একটি সেনা ঘাঁটিতে হামলা চালায়। এতে তিনজন ইসরাইলি সেনা আহত হয়, যার একজনের অবস্থা গুরুতর।
অন্যদিকে, অধিকৃত সিরিয়ার জাবাল শেখ এলাকায় এক অভিযানের সময় পুরনো একটি বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ ঘটে। এতে সাতজন ইসরাইলি সেনা আহত হন বলে জানায় ইয়েমেনভিত্তিক আল-মাসিরাহ টিভি, ইসরাইলি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে।
আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, এবং সবাইকে দ্রুত সাফেদের জিভ হাসপাতালে নেওয়া হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং ওই এলাকায় মোতায়েন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর থেকে গোলান মালভূমি ইসরাইলের দখলে রয়েছে, যদিও সিরিয়া এখনো অঞ্চলটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে।



