tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকহরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করল ইরান

হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার প্রেক্ষাপটে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো জাহাজকে এই প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না।

বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালী বৈশ্বিক তেলবাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জ্বালানি বিশ্লেষকদের সতর্কবার্তা অনুযায়ী, দীর্ঘ সময় ধরে এই পথ বন্ধ থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২৫০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৮০ ডলারের কাছাকাছি রয়েছে।

ভারত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত এই সংকীর্ণ জলপথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের মাধ্যমে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। প্রণালীর এক পাশে রয়েছে ইরান এবং অন্য পাশে ওমান।

বিশ্বের মোট তেল ও জ্বালানি পরিবহনের একটি বড় অংশ এই পথ দিয়ে সম্পন্ন হয়। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও কাতার থেকে রপ্তানিকৃত বিপুল পরিমাণ অপরিশোধিত তেল প্রতিদিন এই রুট অতিক্রম করে। ধারণা করা হয়, বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় ১৫ থেকে ২০ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ৩০ শতাংশেরও বেশি এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়।

বিশেষ করে এশীয় দেশগুলো এই রুটের ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল। প্রণালী দিয়ে পরিবাহিত তেলের প্রায় ৮২ শতাংশ এশিয়ায় যায়, আর বাকি অংশ ইউরোপে সরবরাহ করা হয়। শুধু চীনের এলএনজি আমদানির প্রায় এক-চতুর্থাংশ এই পথের ওপর নির্ভরশীল।

প্রতিদিন গড়ে ২০০ থেকে ৩০০টি জাহাজ এই প্রণালী দিয়ে চলাচল করে। ব্যস্ত সময়ে প্রতি কয়েক মিনিট পরপর জাহাজ পারাপার হতে দেখা যায়, যা এর কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব আরও স্পষ্ট করে।