মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ ঘোষণার প্রেক্ষাপটে ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। বুধবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের প্রতি সমর্থন জানিয়ে রাশিয়ার রাষ্ট্রদূত রোমান বাবুশকিন বলেন, যুক্তরাষ্ট্র যদি ভারতীয় পণ্য আমদানি বন্ধ করে, তবে রাশিয়া নিজস্ব বাজার ভারতের জন্য উন্মুক্ত করবে। পাশাপাশি নিয়মিত অশোধিত তেলের সরবরাহ অব্যাহত রাখারও আশ্বাস দেন তিনি।
ট্রাম্প প্রশাসনের আরোপিত অতিরিক্ত শুল্ককে একতরফা ও অন্যায্য উল্লেখ করে বাবুশকিন বলেন, “বন্ধুরা কখনও নিষেধাজ্ঞা চাপায় না। আমেরিকা অর্থনীতিকে হাতিয়ার বানিয়েছে, যা ডলারের প্রতি আস্থাও দুর্বল করছে।” তিনি আরও দাবি করেন, ভারত-রাশিয়ার বন্ধুত্ব সময়ের পরীক্ষায় টিকে আছে এবং ভারতে তেল পাঠানোর জন্য রাশিয়ার বিশেষ ব্যবস্থাও রয়েছে।
অন্যদিকে, ভারত-চীন বৈঠক নিয়েও ইতিবাচক মন্তব্য করেন বাবুশকিন। তিনি দ্রুত একটি ত্রিপাক্ষিক বৈঠকের আশাবাদ ব্যক্ত করেন। মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠকে বসেন। সেখানে সীমান্ত সমস্যা সমাধানে ‘যুক্তিসঙ্গত ও পারস্পরিক গ্রহণযোগ্য’ পথ খোঁজার বিষয়ে দু’পক্ষ সম্মত হয়। বিশ্লেষকদের মতে, এ বৈঠক দিল্লি-বেইজিং সম্পর্ক পুনরায় উষ্ণ হওয়ার ইঙ্গিত দিচ্ছে, যা গালওয়ান সংঘাতসহ সীমান্ত-সংকটের কারণে আগে তলানিতে গিয়ে ঠেকেছিল।
পর্যবেক্ষক মহলের মতে, যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে চীন-ভারত-রাশিয়ার ঘনিষ্ঠতা ট্রাম্প প্রশাসনের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া বছরের শেষে মোদি-পুতিন বৈঠক ভারত-মার্কিন সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে বলেও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন।



