যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, ভারত রাশিয়া থেকে সস্তা অপরিশোধিত তেল কিনে তা পরিশোধন করে বিক্রি করে বিশাল মুনাফা করছে। তিনি ভারতের এই কর্মকাণ্ডকে “স্বেচ্ছাচারিতা” হিসেবে অভিহিত করে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।
বেসেন্ট এক সাক্ষাৎকারে জানান, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হামলার আগে ভারতের তেল আমদানি মাত্র ১ শতাংশ ছিল, যা বর্তমানে ৪২ শতাংশে পৌঁছেছে। এই লেনদেনের মাধ্যমে ভারতীয় সংস্থাগুলো আনুমানিক ১৬ বিলিয়ন ডলার অতিরিক্ত লাভ করেছে। তিনি এটিকে “ভারতীয় আর্বিট্রেজ” বা মধ্যস্বত্ব অর্জন হিসেবে বর্ণনা করেছেন।
তবে, আমেরিকার এই অভিযোগে এখনও ভারত সরকার কোনো প্রতিক্রিয়া দেয়নি। সাম্প্রতিক সময়ে ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে, যার মূল কারণ হলো রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক।
মার্কিন বিশ্লেষকরা বলছেন, ভারত রাশিয়ার তেল কিনে তা পেট্রোল ও ডিজেলে পরিণত করে নিষিদ্ধ অঞ্চলে বিক্রি করছে। কেপলারের তথ্য অনুযায়ী, জুলাই মাসে ভারত রাশিয়ার সবচেয়ে বড় তেল আমদানিকারক হয়ে দাঁড়িয়েছে, প্রতিদিন ১.৫ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করছে। চীন দ্বিতীয় বৃহত্তম ক্রেতা হিসেবে প্রায় ১ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে। তবে বেসেন্ট বলেন, ট্রাম্প প্রশাসনের দৃষ্টিতে চীনের আমদানি তুলনামূলকভাবে কম গুরুত্বর্পণযোগ্য।
সূত্র: সিএনবিসি



