রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৩ মিনিটে এ কম্পন টের পান মানুষ।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলায়। স্থানীয়রা জানান, সেখানে বেশ জোরালো ঝাঁকুনি অনুভূত হয়।
European-Mediterranean Seismological Centre (ইএমএসসি)–এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। সংস্থাটি জানায়, কম্পনের কেন্দ্র ছিল খুলনা জেলা শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার।
ঢাকা ছাড়াও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকাতেও এ কম্পন অনুভূত হয়েছে।
তাৎক্ষণিকভাবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ফেব্রুয়ারির শুরু থেকেই দেশে ধারাবাহিকভাবে ভূকম্পন রেকর্ড হচ্ছে। ১ ফেব্রুয়ারি সিলেটে ৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্পের মাধ্যমে কম্পনের সূচনা হয়। ৩ ফেব্রুয়ারি একই দিনে তিন দফা ভূমিকম্প অনুভূত হয়; সেদিন সাতক্ষীরার কলারোয়ায় ৪ দশমিক ১ মাত্রার কম্পন রেকর্ড করা হয়। একই সময়ে মিয়ানমারে ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ২ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার প্রভাব বাংলাদেশেও পড়ে।
এরপর ৯ ও ১০ ফেব্রুয়ারি সিলেটে আরও দুটি কম্পন অনুভূত হয়। সর্বশেষ ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকে ৪ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়। সব মিলিয়ে ফেব্রুয়ারি মাসে দেশে মোট আটবার ভূকম্পন অনুভূত হয়েছে।



