এসএসসি পাসে পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এসএসসি পাস প্রার্থীরাই এ পদে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৫ মার্চ থেকে এবং চলবে ৩১ মার্চ পর্যন্ত।
এর আগে দুপুরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করা ও পুলিশের সক্ষমতা বাড়াতে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে পুলিশের জনবল বৃদ্ধি সরকারের অগ্রাধিকারের শীর্ষে রয়েছে। প্রয়োজনীয় প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ছাড়পত্র পাওয়া সাপেক্ষে নিয়োগের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হবে।
তিনি আরও জানান, কনস্টেবল ছাড়াও পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বচ্ছতা ও যথাযথ পরীক্ষার মাধ্যমে এসব নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি সাব-ইন্সপেক্টর (এসআই) এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে নিয়োগ প্রক্রিয়াও চলমান রয়েছে, যার মধ্যে এএসপি নিয়োগ হবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)-এর মাধ্যমে।
নিয়োগের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তৃণমূল পর্যায়ে জননিরাপত্তা জোরদারে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালী করে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা কমাতেও বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন মন্ত্রী।
আবেদনের যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ–২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা:
১৮ থেকে ২০ বছর।
বৈবাহিক অবস্থা:
প্রার্থীকে অবিবাহিত হতে হবে।
শারীরিক যোগ্যতা
উচ্চতা (পুরুষ): ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি।
উচ্চতা (মহিলা): ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।
ওজন: উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারিত মানদণ্ড অনুসারে।
দৃষ্টিশক্তি: ৬/৬।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ পুলিশের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। সেখানে পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়ার বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।
http://police.teletalk.com.bd/home.php এখানে বিস্তারিত জানুন।



