জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিসংশনের প্রস্তাব উত্থাপনের বিষয়ে ১১ দলীয় জোট ইতিবাচক অবস্থানে রয়েছে। জোটের সব দল এ প্রস্তাব সমর্থন করবে বলে তারা আশা করছেন। এ সময় তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন।
‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগানকে সামনে রেখে ১০ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি:
‘বিপ্লব | বিকল্প | বিনির্মাণ’—এই আদর্শ ধারণ করে জুলাই শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতা, গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্ট এবং সারা দেশের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। একই দিন গত এক বছরের কর্মসূচি নিয়ে ডকুমেন্টারি ও চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হবে। পাশাপাশি বিভাগীয় পর্যায়েও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
বিভাগীয় ইফতার মাহফিলের সূচি:
২ মার্চ (১২ রমজান) – চট্টগ্রাম
৩ মার্চ (১৩ রমজান) – কুমিল্লা
৪ মার্চ (১৪ রমজান) – সিলেট
৫ মার্চ (১৫ রমজান) – ময়মনসিংহ
৬ মার্চ (১৬ রমজান) – ঢাকা
৭ মার্চ (১৭ রমজান) – ফরিদপুর
৮ মার্চ (১৮ রমজান) – বরিশাল
৯ মার্চ (১৯ রমজান) – খুলনা
১০ মার্চ (২০ রমজান) – রাজশাহী
১১ মার্চ (২১ রমজান) – রংপুর
১২ মার্চ (২২ রমজান) – ঢাকা মহানগর
১৩ মার্চ (২৩ রমজান) – ঢাকা মহানগর উত্তর
১৪ মার্চ (২৪ রমজান) – ঢাকা মহানগর দক্ষিণ
এ ছাড়া ২৮ ফেব্রুয়ারি ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করবে এনসিপি। এতে নাহিদ ইসলাম, মামুনুল হক এবং ঢাকা-১২ আসনের সংসদ সদস্য উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আরিফুল ইসলাম আদীব।
এক বছর পূর্তি উপলক্ষে আবাহনী মাঠে ইফতার ও দোয়া মাহফিলের পাশাপাশি চিত্রপ্রদর্শনীরও আয়োজন থাকবে।



