সংক্ষিপ্ত নাম এল মেনচো। পুরো নাম নেমেসিও ওসেগুয়েরা সের্ভান্তেস। কুখ্যাত এই মাদক সম্রাট রোববার মেক্সিকো সেনাবাহিনীর এক অভিযানে নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওয়াশিংটনের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা এল মেনচো অল্প বয়সেই মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন এবং গড়ে তোলেন শক্তিশালী অপরাধচক্র জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)।
এফবিআইয়ের তথ্যমতে, তার মাদক নেটওয়ার্ক লাতিন আমেরিকা ছাড়িয়ে ইউরোপ ও এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। এল মেনচোর নেতৃত্বাধীন এই কার্টেল দীর্ঘদিন ধরেই মেক্সিকোর অন্যতম ভয়ংকর সশস্ত্র গোষ্ঠী হিসেবে পরিচিত।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে সহিংসতা শুরু হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মেক্সিকোর ৩১টি প্রদেশের অন্তত ২০টিতে কার্টেল সদস্যরা নৈরাজ্য চালাচ্ছে। ছোট ট্রাক ও বাসে করে বিভিন্ন শহরে অস্ত্রের মহড়া, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তেল পাম্প দখল ও যানবাহনে আগুন দেওয়ার দৃশ্য দেখা গেছে।
পুলিশ ও বিশেষ বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক এল জর্নাদা। নিহতদের মধ্যে পশ্চিমাঞ্চলের এক শহরের একজন গর্ভবতী নারীও রয়েছেন, যিনি গোলাগুলির মধ্যে পড়ে প্রাণ হারান। মৃতদের মধ্যে ১৭ জন রাষ্ট্রীয় বাহিনীর সদস্য এবং আটজন কার্টেল সদস্য বলে জানা গেছে।
নৈরাজ্যকর পরিস্থিতিতে বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন পাবলো লিমাস, জালিস্কোর গভর্নর। এক নির্দেশনায় তিনি প্রায় ৮০ লাখ মানুষকে অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার অনুরোধ জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে।
মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম প্রদেশ জালিস্কোর রাজধানী গুয়াদালাজার বিভিন্ন এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ২০২৬–এর কিছু ম্যাচ এই শহরে আয়োজনের কথা রয়েছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।
এদিকে সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সহিংসতা নিয়ন্ত্রণে সেনাবাহিনী অন্তত ২৫০টি মাদক পরিবহনপথ অবরুদ্ধ করেছে।
প্রতিরক্ষামন্ত্রী জানান, রোববার গুয়াদালাজারা থেকে প্রায় ৮০ মাইল দক্ষিণ-পূর্বে তাপালপা এলাকায় বিশেষ বাহিনীর অভিযানে এল মেনচো নিহত হন। তার মৃত্যুর পর সৃষ্ট এই সহিংসতা মেক্সিকোর নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলেছে।



