পদত্যাগের আবেদন জমা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ভিসি ড. নিয়াজ আহমদ খান। তিনি রাষ্ট্রপতির কাছে ভিসি পদ থেকে অব্যাহতি চেয়ে আনুষ্ঠানিক আবেদনপত্র দাখিল করেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর সঙ্গে সাক্ষাৎ করে আবেদনপত্রটি পেশ করেন।
আবেদনপত্রে ড. নিয়াজ আহমদ খান ভিসির দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক হিসেবে তার মূল পদে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় তিনি এ সিদ্ধান্ত নেন।
সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ, সম্ভাবনা, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ভিসির মতামত জানতে চান এবং সার্বিক সহযোগিতা কামনা করেন। জবাবে ভিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত তুলে ধরেন।
ড. নিয়াজ আহমদ খান ভবিষ্যতেও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বৃহত্তর শিক্ষাখাতের উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদানের জন্য ভিসিকে বিশেষ ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী। সাক্ষাৎ শেষে তিনি ফুলেল শুভেচ্ছা জানান।



