অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মো. সাহাবুদ্দিন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টার পর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার দাবিতে ১৯৫২ সালের এই দিনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে প্রতি বছরের মতো এবারও রাতের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা জানান।
একুশ মানে আত্মত্যাগ, একুশ মানে অন্যায়ের কাছে মাথা নত না করার অঙ্গীকার। সেই অমলিন চেতনায় ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা আজও অবিচল ও অব্যাহত রয়েছে।



