রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে দেশের গুণী অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাসের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে মেট্রোরেলের ১ নম্বর ডিপোর সড়কে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে দিয়াবাড়ি এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেটকার উপন্যাসের গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার প্রতিবাদ জানাতে উপন্যাস গাড়ি থেকে নেমে কথা বলতে গেলে প্রাইভেটকার থেকে দুই ব্যক্তি নেমে তাকে রাস্তায় বেধড়ক মারধর করে।
হামলায় উপন্যাস রক্তাক্ত হন। মারধরের পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি তুলে ধরেন মনিরা মিঠু। তিনি হামলাকারীদের ব্যবহৃত গাড়ির নম্বর (ঢাকা মেট্রো ঘ-১৬-০৯০৫) প্রকাশ করে বিচার দাবি করেন।
অভিনেত্রী আরও জানান, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন মারধরের দৃশ্য ভিডিও ধারণ করেছেন। পরবর্তীতে আরেকটি পোস্টে এক ব্যক্তির ছবি প্রকাশ করে তিনি দাবি করেন, ছবিতে থাকা ব্যক্তি গাড়ির মালিক এবং হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগীরা রাতে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে এবং অভিযুক্ত গাড়িটির সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে অভিনেত্রীর ছেলের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার সহকর্মী ও ভক্তরা।



