ভারতে শুরু হয়েছে বিশ্ব এআই সম্মেলন। বৈশ্বিক প্রযুক্তি মানচিত্রে নিজেদের অবস্থান আরও শক্ত করতে এই আয়োজন করেছে দেশটি। রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত জাঁকজমকপূর্ণ এ সম্মেলনে অংশ নিচ্ছেন Google, Microsoft ও OpenAIসহ বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানরা। সোমবার শুরু হওয়া ‘India AI Impact Summit’কে ভারতীয় কর্মকর্তারা এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন, যা বৈশ্বিক এআই নীতিনির্ধারণে উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠকে আরও জোরালো করবে।
বার্তা সংস্থা Reuters জানিয়েছে, প্রথমবারের মতো কোনো উন্নয়নশীল দেশে এত বড় পরিসরের বৈশ্বিক এআই আয়োজন হচ্ছে। প্রযুক্তি খাতে আরও বেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টার মধ্যেই এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
ভারত ইতোমধ্যে বিভিন্ন এআই প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। ২০৩০ সালের মধ্যে দেশটিতে এআই ও ক্লাউড অবকাঠামো খাতে প্রায় ৬ হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে Google, Microsoft ও Amazonসহ মার্কিন কোম্পানিগুলো।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এই সম্মেলনের লক্ষ্য সবার কল্যাণ ও সুখ নিশ্চিত করা। মানুষের প্রয়োজনকে সামনে রেখে এআই ব্যবহারের মাধ্যমে মানবকেন্দ্রিক উন্নয়নের অঙ্গীকারই এ আয়োজনের মূল প্রতিপাদ্য।
সম্মেলনের মূল বক্তাদের তালিকায় রয়েছেন সুন্দর পিচাই, স্যাম অল্টম্যান, দারিও আমোদেই ও মুকেশ আম্বানি। এছাড়া ডেমিস হাসাবিসও বক্তব্য দেবেন। সম্মেলনের এক পর্বে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মঞ্চ ভাগ করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, যিনি বর্তমানে ভারত সফরে রয়েছেন।
প্রায় আড়াই লাখ দর্শনার্থীর উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে এই আয়োজনে। ৩০ কোটি ডলার ব্যয়ে নির্মিত বিশাল কনভেনশন সেন্টার ভারত মণ্ডপম-এর ৭০ হাজার বর্গমিটারজুড়ে তিন শতাধিক প্রদর্শক তাদের সর্বাধুনিক প্রযুক্তি উপস্থাপন করবেন।



