কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে হামলার ঘটনায় ছয়জন ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। একই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা আরেকটি স্থানে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রায় ২৫ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ হামলা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্দুকধারী নিজেও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়ে থাকতে পারেন।
টাম্বলার রিজ ব্রিটিশ কলাম্বিয়ার একটি প্রত্যন্ত পৌরসভা, যেখানে প্রায় ২ হাজার ৪০০ মানুষের বসবাস। এটি ভ্যাঙ্কুভার থেকে প্রায় ৭১৭ মাইল উত্তর-পূর্বে অবস্থিত।
ব্রিটিশ কলাম্বিয়ার জননিরাপত্তা মন্ত্রী নিনা ক্রিগার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানান, তিনি মেয়র ও স্থানীয় এমএলএর সঙ্গে কথা বলেছেন এবং আরসিএমপিকে প্রয়োজনীয় অতিরিক্ত সহায়তা দেওয়া হচ্ছে।



