ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪, ঢাকা-১৬ ও ঢাকা-১৮ আসনের মোট ভোটকেন্দ্রের প্রায় ১৮ শতাংশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে দুটি আসনকে অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
নির্বাচনী এলাকার নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ভোটকেন্দ্রগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে—সাধারণ, মধ্যম ও অধিক ঝুঁকিপূর্ণ। ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা-যাওয়া নিশ্চিত করতে ঝুঁকির মাত্রা অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। কেউ মিথ্যা তথ্য বা গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর বলেন, নির্বাচনসংক্রান্ত যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য প্রচারের আগে প্রাথমিক যাচাই-বাছাই করার অনুরোধ জানানো হয়েছে, যাতে ভুল বা উসকানিমূলক সংবাদ প্রকাশ না হয়। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনে প্রার্থীদের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোথাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।



