রাজধানীর পল্লবীর বিহারি ক্যাম্পের একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (সকাল ১১টার দিকে) মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—মোহাম্মদ মাসুম (৩৫), তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি (৩০) এবং তাদের তিন বছরের ছেলে মিনহাজ ও দেড় বছরের ছেলে আসাদ।
পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, মাসুম প্রথমে তার স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ বা তৃতীয় পক্ষ জড়িত রয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানান, নিহত দম্পতি বিহারি ক্যাম্পের একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন। মাসুম রিকশা চালাতেন এবং তার স্ত্রী বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করতেন। পরিবারটি বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়েছিল এবং প্রতিদিনই কিস্তির টাকা আদায়ের জন্য লোকজন বাসায় আসত। তাদের ধারণা, চরম আর্থিক সংকট ও ঋণের চাপে হতাশ হয়ে এমন ঘটনা ঘটতে পারে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, প্রতিবেশীদের বরাতে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে তারা খাবার খেয়ে ঘুমাতে যান। সকালে কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হলে মরদেহগুলো উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পল্লবী জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো. আশরাফুল ইসলাম বলেন, মিরপুর-১১ নম্বর সেকশনের ১২ নম্বর রোডে অবস্থিত তিন নম্বর পরিত্যক্ত ওয়াপদা ভবনের নিচতলার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পরিবারটির চরম অভাব-অনটনের তথ্য পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।



