tanaka
প্রচ্ছদঅন্যান্যসুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোটের প্রত্যাশায় ইউরোপীয় ইউনিয়ন

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোটের প্রত্যাশায় ইউরোপীয় ইউনিয়ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে আগামী বৃহস্পতিবার একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশার কথাও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস।

তিনি বলেন, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক দৃঢ় ও প্রতিশ্রুতিশীল। আমরা এখানে কোনো পরামর্শ দিতে বা কিছু সংশোধন করতে আসিনি। আমাদের মূল দায়িত্ব হলো নির্বাচন পর্যবেক্ষণ করা এবং মিশন শেষে আমাদের পর্যবেক্ষণ তুলে ধরা।

ইভার্স ইজাবস আরও বলেন, বাংলাদেশের জন্য আমরা শুভকামনা জানাচ্ছি। আমরা চাই আগামী বৃহস্পতিবার একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নির্ভরযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক।

আলোচনায় অগ্রাধিকার পাওয়া বিষয়গুলো তুলে ধরে তিনি জানান, ইইউ একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজন দেখতে চায়, যেখানে আইনশৃঙ্খলা বজায় থাকবে। বিশেষ করে নারী ও সংখ্যালঘুসহ সব নাগরিকের অবাধ অংশগ্রহণ নিশ্চিত করাকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে।

নির্বাচন পর্যবেক্ষণের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ইতোমধ্যে ৬০ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দেশের বিভিন্ন অঞ্চলে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শনিবার থেকে স্বল্পমেয়াদি পর্যবেক্ষকদেরও বিভিন্ন জেলায় পাঠানো হবে, যারা সরাসরি ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।