tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনসিয়াম–সুস্মিতার ছবি ভাইরাল, যা বললেন পরিচালক

সিয়াম–সুস্মিতার ছবি ভাইরাল, যা বললেন পরিচালক

ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির অভিনীত সিনেমা ‘রাক্ষস’–এর শুটিং এখন শেষের পথে। ছবিটির প্রায় ৮০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। বাকি অংশের কাজ শেষ করতে আগামী ৫ ফেব্রুয়ারি সিনেমার ইউনিট ঢাকায় ফিরবে। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই দেশের অংশের শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। রিয়েল এনার্জি কমিউনিকেশন প্রযোজিত এই সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির একটি রোমান্টিক দৃশ্যের ছবি ভাইরাল হয়েছে। ছবিতে সিয়াম ও সুস্মিতাকে দেখে নেটিজেনদের অনেকেরই মনে হয়েছে, পর্দার বাইরে যেন গভীর প্রেমে মগ্ন এই তারকা জুটি। বিষয়টি নিয়ে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রহস্যময় ও রসিক ভঙ্গিতে প্রতিক্রিয়া জানান পরিচালক মেহেদী হাসান হৃদয়। তিনি মজা করে বলেন, “ওরা তো চুটিয়ে ‘প্রেম’ করছে!”

পরিচালক আরও জানান, পর্দায় একসঙ্গে কাজ করতে গিয়ে সিয়াম ও সুস্মিতার মধ্যে খুব দ্রুত ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। প্রথম দিন থেকেই ক্যামেরার সামনে তারা বেশ সাবলীল ছিলেন, যার প্রভাব পর্দার জুটিতেও স্পষ্ট। ভাইরাল হওয়া ছবিটি আসলে সিনেমার একটি গানের দৃশ্যের অংশ।

সিয়াম আহমেদ সাধারণত শুটিং চলাকালীন নিজের লুক প্রকাশ করেন না। ‘জংলি’ সিনেমার মতো এবারও তিনি গোপনীয়তা বজায় রাখছেন। তবে ভক্তদের আগ্রহের কথা বিবেচনায় নিয়ে শ্রীলংকা থেকে তিনি নিজেই সুস্মিতার সঙ্গে একটি ছবি শেয়ার করেন। সুস্মিতাকে নিয়ে সিয়াম বলেন, তিনি খুব ভালো ও মিশুক মানুষ। গত ১৩ দিন ধরে শ্রীলংকায় শুটিংয়ের অভিজ্ঞতাও ছিল দারুণ।

সিয়াম আরও জানান, আপাতত সিনেমার মূল লুক প্রকাশ করা হচ্ছে না। তবে ভক্তদের নানা প্রশ্নের কারণে চমক হিসেবে নায়িকার লুকটি প্রকাশ করা হয়েছে, যা একটি গানের দৃশ্যের অংশ। সামনে পোস্টার, টিজার ও ট্রেলারে আরও চমক থাকবে বলেও ইঙ্গিত দেন তিনি।

‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। ছবিতে তাকে একজন আধুনিক, শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে। পরিচালক জানান, সুস্মিতাকে মূলত ড্রামা ও রোমান্টিক দৃশ্যে দেখা যাবে, কোনো অ্যাকশন দৃশ্যে নয়।

সিনেমার গল্প প্রসঙ্গে মেহেদী হাসান হৃদয় বলেন, ‘রাক্ষস’ মূলত অন্ধকার জগতের গল্প। এতে থাকবে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ, যা দেশীয় সিনেমায় খুব বেশি দেখা যায় না।