tanaka

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেল ৭ বছরের শিশুর

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে মরিয়ম খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার...
প্রচ্ছদরাজনীতি১২ তারিখের নির্বাচন দেশপ্রেমিক বনাম দেশবিরোধীদের লড়াই: যশোরে তারেক রহমান

১২ তারিখের নির্বাচন দেশপ্রেমিক বনাম দেশবিরোধীদের লড়াই: যশোরে তারেক রহমান

আসন্ন ১২ তারিখের নির্বাচনকে দেশপ্রেমিক ও দেশবিরোধীদের মধ্যকার লড়াই হিসেবে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি চক্র এনআইডি ও বিকাশ নম্বর ব্যবহার করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। ভোট গণনায় বিলম্বের অজুহাতে কারচুপির চেষ্টা হলে তা শক্ত হাতে প্রতিরোধ করার আহ্বান জানান তিনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর উদ্যানে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই শান্তিতে বসবাস করবে। রাজনীতির গুণগত পরিবর্তনই আমাদের মূল লক্ষ্য।” বক্তব্যের শেষাংশে তিনি ‘করব কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে উপস্থিত জনতাকে উজ্জীবিত করেন।

নারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী—তাদের বাদ দিয়ে উন্নয়ন অসম্ভব। ৫ আগস্টের পর একটি বিশেষ রাজনৈতিক দল নারীদের অবমাননা করছে এবং তাদের ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখার ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি গৃহিণীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে বলে ঘোষণা দেন তিনি।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় তারেক রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারে মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার গঠন করলে গৃহিণীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে তারা মাসিক রাষ্ট্রীয় সুবিধা পাবেন। তিনি আরও বলেন, গার্মেন্টস শিল্পসহ দেশের অর্থনীতিতে নারীদের অবদান অনস্বীকার্য। যারা কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না।

বিএনপির উন্নয়ন দর্শন তুলে ধরে তিনি বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে, উন্নয়নের নামে প্রতারণা নয়। সরকার গঠন করলে কৃষকের দোরগোড়ায় ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক পৌঁছে দেওয়া হবে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূচিত খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, উলশী খালসহ সারা দেশের বন্ধ হয়ে যাওয়া খালগুলো খনন করে ফসল উৎপাদন দ্বিগুণ করা হবে।

যশোর অঞ্চলের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ফুল চাষকে আধুনিকায়ন করে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে। পাশাপাশি বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু করে আখচাষিদের ভাগ্যোন্নয়ন ও চিনি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পরিকল্পনার কথাও জানান তিনি। বেকারত্ব দূর করতে প্রতিটি এলাকায় ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ও আইটি পার্ক নির্মাণের প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারেক রহমানের উপদেষ্টা মেহেদী আহমেদ ধ্বনি, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, অধ্যাপক নার্গিস বেগম এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।