ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন প্রবাসী বাংলাদেশি। ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ ব্যবহার করে নিবন্ধন ও ভোটদান সম্পন্ন করে বিপুলসংখ্যক প্রবাসী সরাসরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম–সংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে প্রবাসী ভোটারদের ঠিকানায় পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ লাখ ৯৯ হাজার ৩২৮ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন।
নিবন্ধিত ভোটারদের মধ্যে এখন পর্যন্ত ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন। ভোটারদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৫৭৯টি পোস্টাল ব্যালট। এর মধ্য থেকে ইতোমধ্যে ২৯ হাজার ৭২৮টি ব্যালট ডাকযোগে বাংলাদেশে পৌঁছেছে।
প্রকল্প-সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই আরও বিপুলসংখ্যক পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছাবে।
তারা আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটদানের সুবিধার্থে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
প্রবাসী ভোটারদের এই ব্যাপক অংশগ্রহণ বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অবস্থান করেও জাতীয় রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হওয়ার এই সুযোগ নির্বাচন ও গণভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



