ফেনীতে মেডিকেল কলেজ ও ইপিজেড স্থাপনের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে ফেনীর মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী এখানে একটি মেডিকেল কলেজ ও একটি এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) প্রতিষ্ঠা করা হবে। যুবসমাজকে শুধু স্বপ্ন দেখানো নয়, দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই বিএনপির লক্ষ্য।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, ফেনীতে ইপিজেড স্থাপন হলে হাজারো তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি বিদেশে যেতে ইচ্ছুক যুবকদের জন্য কারিগরি ও ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা করতে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার গড়ে তোলা হবে, যাতে তারা দক্ষ হয়ে উচ্চ আয়ের মাধ্যমে দেশের রেমিট্যান্স প্রবাহ বাড়াতে পারে।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণকে সতর্ক থাকতে হবে, কারণ দেশের ভবিষ্যৎ নির্ভর করছে জনগণের সিদ্ধান্তের ওপর। বৃহত্তর নোয়াখালী ও ফেনী বেগম খালেদা জিয়ার এলাকা—এর মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।
বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, কৃষকদের কল্যাণে ‘কৃষি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে সার ও বীজ সরাসরি কৃষকের হাতে পৌঁছাবে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে চালু করা হবে ‘ফ্যামিলি কার্ড’। নারীদের জন্য থাকবে ‘হেলথ কার্ড’ সুবিধা। পল্লী চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে, যাতে অপ্রয়োজনীয়ভাবে হাসপাতালে যেতে না হয়।
গণমানুষের ভাগ্য পরিবর্তনে উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করে বাংলাদেশকে একটি আধুনিক ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করা হবে।
ফেনীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যার কথা উল্লেখ করে তিনি বলেন, বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে সারা দেশে পুনরায় খাল খনন কর্মসূচি চালু করা হবে।
গত দেড় দশকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ সময় মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। ৫ আগস্টের পর জনগণ পরিবর্তন চায়। বিএনপি ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও কঠোরভাবে দুর্নীতি দমন করা হবে।
বক্তব্যের শেষে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে তিনি স্লোগান দেন—‘করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ’। তিনি বলেন, দেশ গড়তে হলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এবং সদস্যসচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।



