tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ ঢাকা

দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ ঢাকা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক প্রকাশ্য অনুষ্ঠানে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত পলাতক শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এ ধরনের উসকানিমূলক সুযোগ দেওয়ার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছে ঢাকা।

আজ রবিবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ২৩ জানুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে শেখ হাসিনা প্রকাশ্যে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে অবস্থান নেন এবং তার দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে নির্বাচন ভণ্ডুল করতে সহিংস কর্মকাণ্ডে জড়ানোর আহ্বান জানান। এ ঘটনায় বাংলাদেশ সরকার ও জনগণ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত আনার জন্য বাংলাদেশ সরকার একাধিকবার অনুরোধ জানালেও ভারত এখনো সে বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং নিজ ভূখণ্ডে তাকে এমন উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।

সরকারের মতে, ভারতের রাজধানীতে এ ধরনের অনুষ্ঠানের অনুমতি দেওয়া আন্তঃরাষ্ট্র সম্পর্কের প্রচলিত নীতিমালা—সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সুপ্রতিবেশীসুলভ আচরণের—পরিপন্থি। এটি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি স্পষ্ট অবমাননা এবং ভবিষ্যৎ বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগের নেতৃত্বের এই বেপরোয়া উসকানি প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। আসন্ন নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সংঘটিত যেকোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সরকার আওয়ামী লীগকে দায়ী করবে এবং তাদের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।