tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকবিদেশিদের জন্য নতুন রিয়েল এস্টেট বিধিমালা কার্যকর করল সৌদি আরব

বিদেশিদের জন্য নতুন রিয়েল এস্টেট বিধিমালা কার্যকর করল সৌদি আরব

বিদেশিদের রিয়েল এস্টেট মালিকানা সংক্রান্ত নতুন বিধিমালা আনুষ্ঠানিকভাবে কার্যকর করেছে সৌদি আরব। বৃহস্পতিবার সৌদি রিয়েল এস্টেট জেনারেল অথরিটি (REGA) জানায়, ‘নন-সৌদিদের রিয়েল এস্টেট মালিকানা বিধিমালা’ এখন থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। খবর গালফ নিউজের।

নতুন বিধিমালা অনুযায়ী, নন-সৌদি নাগরিকদের সম্পত্তি মালিকানার সব আবেদন সরকার নির্ধারিত একক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সৌদি প্রপার্টিজ’ পোর্টালের মাধ্যমে দাখিল করতে হবে। যোগ্যতা যাচাই থেকে শুরু করে চূড়ান্ত নিবন্ধন—সম্পূর্ণ প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন হবে।

এই বিধিমালা সৌদি আরবে বসবাসরত ও অনাবাসী বিদেশি নাগরিক, পাশাপাশি বিদেশি কোম্পানি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে আবেদনকারীর পরিচয় ও অবস্থানের ভিত্তিতে আবেদন প্রক্রিয়া এবং অনুমোদনের ধরন ভিন্ন হবে।

বৈধ ইকামা থাকা বিদেশি বাসিন্দারা সরাসরি সৌদি প্রপার্টিজ পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা যাচাই শেষে অনলাইনে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। অন্যদিকে, সৌদি আরবে বসবাস না করা বিদেশিদের নিজ নিজ দেশের সৌদি দূতাবাস বা মিশনের মাধ্যমে আবেদন শুরু করতে হবে। সেখান থেকে ইস্যু করা ডিজিটাল পরিচয়পত্র ব্যবহার করে তারা অনলাইনে মালিকানা আবেদন চালিয়ে নিতে পারবেন।

সৌদি আরবে সরাসরি উপস্থিত নয়—এমন বিদেশি কোম্পানি ও প্রতিষ্ঠানকে প্রথমে ইনভেস্ট সৌদি পোর্টালের মাধ্যমে বিনিয়োগ মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হবে। এরপর একটি ইউনিফায়েড নম্বর (৭০০) সংগ্রহ করে অনলাইনে সম্পত্তি মালিকানার আবেদন করা যাবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে নন-সৌদিদের সম্পত্তি মালিকানার সুযোগ থাকলেও রাজধানী রিয়াদ, জেদ্দা এবং পবিত্র নগরী মক্কা ও মদিনায় অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এসব শহরে মালিকানা আলাদা একটি ভৌগোলিক জোনভিত্তিক বিধিমালার আওতায় পরিচালিত হবে, যা ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ঘোষণা করা হতে পারে।

বিশেষভাবে মক্কা ও মদিনায় সম্পত্তি মালিকানা শুধুমাত্র সৌদি কোম্পানি এবং মুসলিম ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ থাকবে। সৌদি প্রপার্টিজ পোর্টালই এই বিধিমালা বাস্তবায়নের একমাত্র সরকারি মাধ্যম। এটি জাতীয় রিয়েল এস্টেট টাইটেল রেজিস্ট্রেশন সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকায় স্বচ্ছতা বাড়বে এবং সম্পত্তির অধিকার আরও সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে।

কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য আন্তর্জাতিক ডেভেলপার ও উচ্চমানের বিদেশি কোম্পানিকে আকৃষ্ট করে সৌদি আরবের রিয়েল এস্টেট খাতের মানোন্নয়ন করা।

বিধিমালা কার্যকরের বিষয়ে মন্তব্য করতে গিয়ে রিয়েল এস্টেট জেনারেল অথরিটির মুখপাত্র তাইসির আল মুফারেজ বলেন, নন-সৌদিদের জন্য নির্ধারিত এলাকা ও ভৌগোলিক জোন সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই পৃথক একটি নথির মাধ্যমে প্রকাশ করা হবে। তিনি বিনিয়োগকারী ও সাধারণ জনগণকে গুজব বা অননুমোদিত তথ্য এড়িয়ে চলার আহ্বান জানিয়ে বলেন, এখন পর্যন্ত কোনো আবাসিক বা বাণিজ্যিক প্রকল্পকে আনুষ্ঠানিকভাবে নন-সৌদি মালিকানার অনুমোদন দেওয়া হয়নি। এ বিষয়ে কেবল সরকারি সূত্রের তথ্যকেই গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান তিনি।