ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর সব কর্মকর্তা ও সৈনিককে পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি স্পষ্টভাবে বলেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং এতে কোনো দলের পক্ষ নেওয়া যাবে না।
রবিবার (১৮ জানুয়ারি) ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণে আয়োজিত পৃথক দুইটি সভায় – দরবারে সৈনিকদের সঙ্গে এবং অফিসার্স অ্যাড্রেসে কর্মকর্তাদের সঙ্গে – সেনাপ্রধান এই নির্দেশনাগুলো দেন। ঢাকার বাইরে অবস্থানরত সেনাকর্মকর্তারাও অনলাইনে যুক্ত ছিলেন।
সভায় সেনাপ্রধান বলেন, নির্বাচনে কোনো স্বজনপ্রীতি বা পক্ষপাত চলবে না। ভোটের মাঠে পেশাদারিত্ব বজায় রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। ভোটকেন্দ্র এবং নির্বাচনী মাঠের নিরাপত্তা নিশ্চিত করলে সকল ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সেনাপ্রধান আরও বলেন, সেনাসদস্যরা দীর্ঘদিন ধরে দেশের ক্রান্তিকালীন পরিস্থিতিতে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান পরিস্থিতিতেও সেনাবাহিনী যে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে, তা দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে। নির্বাচনের পর গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে হবে।
তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপপ্রচার, গুজব ও উসকানিমূলক বক্তব্য সম্পর্কে সতর্ক করেন এবং সকলকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে এবং উসকানিমূলক মন্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর নির্দেশ দেন। এছাড়া তিনি বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে শীর্ষ সন্ত্রাসীদের চিহ্নিত করে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাদের সাজা নিশ্চিত করার নির্দেশ দেন, যাতে নির্বাচনে কোনো সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।



