চোটের কারণে অ্যাশেজ সিরিজে খেলতে না পারলেও শ্রীলঙ্কায় আগামী মাসে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী পেসার জশ হ্যাজেলউড।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরু থেকেই ছিটকে যান হ্যাজেলউড। পুনর্বাসন চলাকালীন সময়ে এরপর তার অ্যাকিলিসেও সমস্যা দেখা দেয়। এই কারণে তিনি বিগ ব্যাশ লিগের শেষ দিকের ম্যাচগুলোতে সিডনি সিক্সার্সের হয়ে খেলতে পারবেন না এবং জানুয়ারির শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তাকে পাওয়া যাবে না। তবে বিশ্বকাপ শুরুর আগে ফেব্রুয়ারির শুরুতে একটি প্রস্তুতি ম্যাচ খেলার লক্ষ্য রয়েছে তার।সূচিও হ্যাজেলউডের পক্ষে রয়েছে। অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে। প্রধান নির্বাচক জর্জ বেইলি আগেই জানিয়েছেন, প্রয়োজনে প্যাট কামিন্সকে কিছুটা বিশ্রাম দেওয়া হতে পারে, তবে শুরু থেকেই খেলতে না পারা একাধিক খেলোয়াড় দলে রাখার সুযোগ নেই।
‘ক্রিকইনফো’কে হ্যাজেলউড বলেন, ‘সবকিছু পরিকল্পনামাফিক চলছে। টেস্ট খেলতে না পারার পর আমরা কয়েক সপ্তাহ অতিরিক্ত সময় নিয়েছি। গত সপ্তাহে অর্ধেক রান-আপ থেকে বোলিং করেছি। দৌড়ানো, শক্তি বাড়ানোর সব কাজ ভালোভাবেই চলছে। সব মিলিয়ে আমি সঠিক পথেই আছি।’



