tanaka
প্রচ্ছদরাজধানীপাইপলাইনে ফের লিকেজ, উত্তরা ও আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ

পাইপলাইনে ফের লিকেজ, উত্তরা ও আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ

তিতাস গ্যাসের বিতরণ লাইনে লিকেজের কারণে রাজধানীর উত্তরা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। টঙ্গী ব্রিজের কাছে একটি শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্ভ উচ্চচাপে ফেটে গিয়ে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে উত্তরার মূল পাইপলাইন থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, এতে আবাসিক গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েন।

মঙ্গলবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি জানায়, লিকেজের কারণে উত্তরায় গ্যাস বিতরণের প্রধান ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন শাটডাউন করা হয়েছে। ফলে সমগ্র উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত ভাল্ভটি প্রতিস্থাপনের কাজ চলমান আছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এর আগে গত ৪ জানুয়ারি তুরাগ নদীর নিচে একটি পাইপলাইনে ছিদ্র দেখা দিলে মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় এখনও গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। এছাড়া গত ১০ জানুয়ারি গণভবনের সামনে একটি ভাল্ভ ফেটে যাওয়ায় আশপাশের এলাকায় গ্যাস বন্ধ হয়ে গ্রাহকরা দুর্ভোগে পড়েন।