বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। সরকার এখন পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধারেও ব্যর্থ। এ পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন—এটি সরকারের ব্যর্থতারই প্রমাণ।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হবে বলে আমরা আশাবাদী। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ মোটামুটি ভালো রয়েছে। তবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে প্রকৃত পরিস্থিতি আরও স্পষ্ট হবে।
ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ক্রিকেটের সঙ্গে রাজনীতির বিষয়টি জড়িত থাকলেও এর সঙ্গে দেশের সম্মানও যুক্ত। ক্রিকেটকে অপমান করা মানে দেশকেই অপমান করা। এ ক্ষেত্রে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। ছোটখাটো বিষয়গুলোতে জাতীয় ঐক্য থাকা জরুরি।
তিস্তা পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, এ পরিকল্পনা বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। ভারতের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও সমঝোতার ভিত্তিতেই এসব সমস্যার সমাধান করা হবে। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



