বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। মঙ্গলবার সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ২৭৯, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ শ্রেণিভুক্ত।
এ তালিকায় ২৪৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। ২১১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের দিল্লি। চতুর্থ স্থানে রয়েছে চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চ্যাংডু, যেখানে একিউআই স্কোর ২০৪। পঞ্চম অবস্থানে থাকা ভিয়েতনামের বৃহত্তম শহর হো চি মিন সিটির স্কোর ২০১।
প্রতিদিনের বায়ুর মানের ভিত্তিতে তৈরি একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে তথ্য দেয়। একই সঙ্গে এটি মানুষের স্বাস্থ্যের ওপর সম্ভাব্য ঝুঁকির মাত্রাও নির্দেশ করে।
একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে বাতাসের মানকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলা হয়। ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১ বা তার বেশি স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।



