ক্রিকেটার ও সংশ্লিষ্টদের নিরাপত্তা এবং দেশের মর্যাদার সঙ্গে আপস করে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ—এ কথা স্পষ্টভাবে জানিয়েছেন আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বিকেলে সচিবালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, “আমরা কঠোর পরিশ্রম করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছি। আমরা বিশ্বকাপে খেলতে চাই। কিন্তু জাতির অবমাননার বিনিময়ে, আমাদের ক্রিকেটার, দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা এবং মর্যাদার ঝুঁকি নিয়ে বিশ্বকাপে অংশ নিতে রাজি নই।”
নিরাপত্তা ইস্যুতে ভেন্যু পরিবর্তনের দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসিকে চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠির জবাব দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। তবে ওই জবাবে নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের উদ্বেগ যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলে মন্তব্য করেন আসিফ নজরুল।
তিনি বলেন, “আমরা কেন এই বিষয়ে অনড় অবস্থানে আছি, তা আইসিসিকে স্পষ্টভাবে বোঝাতে পারব বলে আশা করি। আইসিসি যদি আমাদের যুক্তিগুলো সহৃদয়তা ও নিরপেক্ষতার সঙ্গে বিবেচনা করে, তাহলে আমরা কষ্ট করে অর্জন করা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের ন্যায্য সুযোগ পাব।”



