ঢাকার কদমতলী থানার কুদার বাজারে এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামের এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
শাহাবুদ্দিনের বড় ভাই মহিউদ্দিন বলেন, আমার ভাই কদমতলী-জুরাইন এলাকায় ভাঙারি ব্যবসা করত। দুই মাস ধরে সে বাসার নিচে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করে। রাতে জানতে পারি কদমতলীর কুদার বাজার এলাকায় অস্ত্র দিয়ে আমার ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, কে বা কারা কী কারণে আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে সে বিষয়টি এখনো বলতে পারছি না। আমাদের বাসা কদমতলীর মুরাদপুর এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।



