tanaka
প্রচ্ছদজাতীয়রাষ্ট্রীয় শোকের দিনেও অনুষ্ঠিত হবে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

রাষ্ট্রীয় শোকের দিনেও অনুষ্ঠিত হবে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

তবে শুক্রবার (২ জানুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খালেদা জিয়ার মৃত্যু ও রাষ্ট্রীয় শোকের দিনে পরীক্ষা হবে কি না, তা নিয়ে চাকরিপ্রার্থীরা সংশয়ে রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, রাষ্ট্রীয় শোকের দিনে নিয়োগ পরীক্ষা আয়োজনের কোনো বাধা নেই। তাই ২ জানুয়ারি সারাদেশে একযোগে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম বলেন, “আগামী ২ জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি চলছে। কোনো পরিবর্তন হলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।”

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুই ধাপে মোট ১৪,৩৮৫টি শূন্য পদের জন্য ১০,৮০,৮০৮টি আবেদন জমা পড়েছে। অর্থাৎ গড়ে প্রতি পদের জন্য প্রায় ৭৫ জন প্রার্থী প্রতিযোগিতা করবেন।

প্রথম ধাপে (রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ) ১০,২১৯টি পদের বিপরীতে ৭,৪৫,৯২৯টি আবেদন এসেছে। দ্বিতীয় ধাপে (ঢাকা ও চট্টগ্রাম) ৪,১৬৬টি পদের জন্য ৩,৩৪,১৫১টি আবেদন জমা পড়েছে।